খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের তহবিল থেকে প্রায় ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত ইউসূফ রায়হান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামানের ভাগনে। ২০১৭ সালে তার নিয়োগ নিয়েও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক শৃঙ্খলা ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউসূফ রায়হান ইএমবিএ প্রোগ্রামের আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ইএমবিএ তহবিলের অর্থ উত্তোলন করেন। এছাড়া শিক্ষার্থীদের সেমিস্টার ও পরীক্ষার ফি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সম্প্রতি ইএমবিএ শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে দেখতে পান, তাদের জমা দেওয়া ফি বিশ্ববিদ্যালয়ের মূল হিসাবে জমা হয়নি। বিষয়টি সামনে আসার পর অনুসন্ধান শুরু হয় এবং পরবর্তীতে একাধিক ব্যাচের শিক্ষার্থীদের দেওয়া বড় অঙ্কের অর্থ ব্যাংক হিসাবে জমা না হওয়ার তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুরো আর্থিক অনিয়মের বিষয়ে আরও তদন্ত চলছে।
এমআই