মুহাঃ জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি সীমানা পিলার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (৫জুন) রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়ির থেকে এই সীমানা পিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রাম মৃত চতুর মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডল (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।
সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক নির্দেশনায় তালা থানা পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন চুরি, ডাকাতি, প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ মালামাল উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ জুন রাত সাড়ে ১০ টার দিকে তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। পিলারের গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমআই