মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা, প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি গ্রামে অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খিরাকাঠি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের পরিত্যক্ত বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটির কাঠের রুয়া, চেরা, আড়া, আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের জামাতা মো. ফয়সাল আহম্মেদ নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫১৪, তারিখ: (১১ জুন ২০২৬) দায়ের করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একে