তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে নিরাপদ খাদ্য দিবস—২০২৬ পালিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি র্যালি বের করে বিভাগটি। পরে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজ্ঞান ভবনের সামনে মিলিত হয়ে। এতে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমানের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’, ‘সুস্থ জাতি, নিরাপদ বাংলাদেশ’, ‘ স্বাস্থ্যই সকল সুখের মুল, নিরাপদ খাদ্যই সমতুল’, ‘জাঙ্কফুড বর্জন করি, স্বাস্থ্যকর জীবন গড়ি’, ‘ভেজালকে না বলুন, নিরাপদ খাদ্য বেছে নিন’, ‘ভেজাল খাদ্য খাবেন না, জীবন ঝুকিতে ফেলবেন না’ ইত্যাদি প্লাকার্ড দেখা যায়।
র্যালি শেষে অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, একটা জাতির সুস্থতা, উন্নতি ও সুস্বাস্থ্যের জন্য, নিরাপদ খাদ্য কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে জনগণকে সচেতন করে তোলার জন্যই আজকের র্যালি। ভেজালমুক্ত খাবার, ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মুক্ত খাবার এবং হাইজিন বা স্যানিটেশন মেইনটেইন করে খাবার প্রস্তুতকরণ এবং রাস্তার সাইডে বা স্ট্রিট ভেন্ডর যারা আছে সেই খাবারগুলোতে যেন স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুতকরণ করা হয়, এই বিষয়গুলোকে জনগণের মাঝখানে তুলে ধরাই এ র্যালির প্রধান উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাই, বিশেষ করে ফলমূল এবং শাকসবজি সেগুলো কীভাবে নিরাপদ রাখা যায় এটা সম্পর্কিত যে আইনগুলো আছে- যেমন ‘বাংলাদেশ ফুড সেফটি অথরিটি’, ‘খাদ্য আইন ২০১৩’ এগুলোর বাস্তবায়ন ও বাংলাদেশ ফুড সেফটি কর্তৃক ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। তাছাড়া প্রাতিষ্ঠানিকভাবে ছাত্রদের মধ্যে হ্যাসাপ (HACCP), জিএমপি (GMP) এবং ফুড সেফটি ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করতে হবে। একইসাথে কৃষকদের নিয়মমাফিক বছরে কয়েকবার প্রশিক্ষণ দিতে হবে। তাহলেই একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব।
এমআই