খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন শিক্ষার্থীদের শিক্ষা, মানসিক সুস্থতা, ক্যারিয়ার উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে টেকসই মানব উন্নয়ন নিশ্চিত করতে ‘ওয়ান মিনিট ইনভেস্টমেন্ট প্রজেক্ট’-এর আয়োজন করেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দেলদার আহম্মেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, সংগঠনটির মূল দর্শন হলো সচেতন, সক্ষম ও সুস্থ শিক্ষার্থীর মধ্য দিয়েই টেকসই পরিবর্তনের সূচনা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষার্থী মির্জা মাহি বলেন, শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছি, যার ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই রয়েছে। তাই এআই-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে, যা সহশিক্ষা কার্যক্রম ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারহানা আফরিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও দূষণমুক্ত পরিবেশে বসবাস অত্যন্ত জরুরি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। এ অবস্থায় বনায়ন বৃদ্ধি, পরিকল্পিত নগরায়ন এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর মাধ্যমেই নতুন প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পৃথিবী নিশ্চিত করা সম্ভব।
সংগঠনটি তাদের লক্ষ্য বাস্তবায়নে তিন ধাপের সমন্বিত কাউন্সেলিং মডেল অনুসরণ করছে, যার মধ্যে রয়েছে গ্রুপ কাউন্সেলিং, ওয়ান-টু-ওয়ান (ব্যক্তিগত) কাউন্সেলিং এবং অভিভাবক অ্যাডভোকেসি।
স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন বিশ্বাস করে সক্ষম, সচেতন ও সুস্থ শিক্ষার্থীরাই টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক সমাজ গঠনের প্রধান চালিকাশক্তি। শিক্ষা, মানসিক সুস্থতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ।
এমআই