মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে রমজানের প্রথম দিনে বেড়েছে ইফতার সামগ্রীসহ শাক-সবজির দাম।
ছোলা, ডাল, বেগুন, লেবু, খেজুর থেকে শুরু করে মুরগি ও গরুর মাংস-প্রায় সব পণ্যের দাম বাড়ায় সাধারণ ক্রেতা ও খেটে খাওয়ার মানুষেরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দিনাজপুর জেলা শহরের বাহাদুর বাজার, রেলবাজার, পুলহাট বাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এসব পণ্যের বাড়তি দাম জানা গেছে। গত এক সপ্তাহ আগেও ৮০ টাকা কেজির ছোলা এখন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। কাঁচামরিচ কেজিতে ৩০ টাকা বেড়ে হয়েছে ১৬০-১৮০ টাকা। ৬০ টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
এছাড়া শসা ৬০ থেকে ৮০ টাকা, লেবু হালিতে ৩০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। খেজুর প্রকারভেদে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বাহাদুর বাজারে বস্তা খেজুরের দাম ৫০ টাকা বেড়ে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১০০০ হাজার টাকার মরিয়ম খেজুর ১২০০টাকা, সাটারি খেজুর ২০০ টাকা বেড়ে হয়েছে ১০০০ টাকা। ৮০০ টাকার কিচমিস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।
এদিকে খোলা সয়াবিন তেলের দামও কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে। বয়লার মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। গরুর মাংসেও কেজিতে ৫০ টাকা বেড়ে হয়েছে ৭৫০টাকা। মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে।
শহরের দক্ষিণ লালবাগ এলাকার বাসিন্দা দুলু, কাঞ্চন কলোনি এলকার বাসিন্দা মাইনুল হোসেন, ঘাসিপাড়া এলাকার মঞ্জুসহ আরো কয়েকজন ক্রেতা বলেন, রমজানের আগে থেকেই দাম বাড়তে শুরু করেছে। প্রথম রমজানে বাজারে এসে দেখি প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে ইফতারের সময় মানুষ যে পন্যগুলো দিয়ে ইফতার করে সেসব জিনিসের দাম বেড়েছে। সংসার চালাতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। প্রথম রমজানেই দাম বৃদ্ধি অস্বাভাবিক। তারা বলেন, প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো দরকার। আয় না বাড়লেও পণ্যের দাম বেড়েছে। যে হারে দাম বেড়েছে তাতে করে পরিবারের সদস্যদের ইফতারের প্লেটে টান পড়বে।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন বলেন, রমজান আসলে কিছুটা দাম বাড়ে।তবে আমাদের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। বীরগঞ্জ, খানসামা উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বাজারদর নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারদর নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহায়তায় জেলা শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
এমআই