শনিবার, ২৮ মার্চ ২০২৬

সাতক্ষীরায় তেল না পেয়ে রাতে সড়কে আগুন, পাম্প অবরোধ

শনিবার, মার্চ ২৮, ২০২৬
সাতক্ষীরায় তেল না পেয়ে রাতে সড়কে আগুন, পাম্প অবরোধ

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

পাম্পে মজুত থাকা সত্ত্বেও তেল দেওয়া হচ্ছে এমন অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় লস্কর পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা সড়কের ওপর টায়ার ও বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে দেন। এতে সাতক্ষীরার প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে মোটরসাইকেল চালকসহ সাধারণ গ্রাহকেরা তেলের জন্য লস্কর পেট্রোল পাম্পে ভিড় করেন। পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানালে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের দাবি, পাম্পে তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এবং চড়া দামে খোলা বাজারে বিক্রির জন্য সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে তেলের দাবিতে সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাতক্ষীরা সদর থানা পুলিশ। তারা বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এর আগে গত বৃহস্পতিবার রাতেও একই অভিযোগে কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। দফায় দফায় এই অস্থিরতায় সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, তেলের দাবিতে সাধারণ মানুষ শুক্রবার রাতে সড়কে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরো বলেন, জ্বালানি তেলের ক্ষেত্রে পাম্প মালিকদের সিন্ডিকেট বা অবৈধ মজুতদারির বিষয়ে কোনো প্রমাণ পেলে সংশিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তেল সংকটের কথা দাবি করেন। তবে সাধারণ গ্রাহকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পাম্প মালিকরা সাধারণ মানুষকে জিম্মি করছেন। তারা এব্যাপরে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল