রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিরণ মোঃ ইলিয়াস'কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে শোকজ(কারন দর্শানো) করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ মোকলেছুর রহমান এবং সদস্য সচিব মোঃ আব্দুল হাই সরকার যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে যুগ্ম আহবায়ক মিরণ মোঃ ইলিয়াসকে শোকজ করেন। বৃহস্পতিবার ২এপ্রিল তারিখের মধ্যেই তাকে শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
দলীয় প্যাডে স্বাক্ষরিত শোকজের চিঠির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার রাজনৈতিক অঙ্গনে দিন নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভিজিএফ চাল বিতরণ অণিয়ম, ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি গুদাম থেকে ভিজিএফ এর চাল সন্দেহে ৭১ বস্তা চাল জব্দ করে উপজেলা প্রশাসন এবং ভারত ও বাংলাদেশ সীমান্ত হাটে ক্রেতা ও বিক্রেতা কার্ড করে দেয়ার জন্য টাকা নেয়ার অভিযোগ উঠে বিএনপি নেতা ও রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াসের বিরুদ্ধে। বিষয়গুলো নিয়ে নানা সমালোচনা ও বিব্রতকর পরিস্থিতিতে পরে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা জানান, এলাকাবাসী ও দলের স্বার্থেই ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।
শোকজের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস বলেন,চিঠি পেয়েছি, একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। দলীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি সঠিক সময়ের মধ্যেই জবাব দাখিল করব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান বলেন,দলের নাম ব্যবহার করে কেউ কোন অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কারও ব্যাক্তিগত অন্যায়ের দায় দল নেবে না বলেও জানান তিনি।
এমআই