নিজস্ব প্রতিবেদক:
মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে রাত আটটা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।
তারা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলতে চান। তবে সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত আটটা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা।
ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল- যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেই। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশ্যই জরুরি সেবা যারা দেয়, তারা এর আওতার বাইরে থাকবে।’
তিনি বলেন, ‘এটি আনুষ্ঠানিকভাবে দোকান মালিক সমিতির প্রতিনিধিকে ডেকে এই বার্তাটি পৌঁছে দিয়েছি। আজ থেকেই এটি কার্যকর হবে এবং আমরা সেই অনুযায়ী অফিস আদেশ জারি করব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেখুন, জনগণ ও সরকারের মধ্যে একটি অলিখিত সামাজিক চুক্তি থাকে—তারই প্রতিফলন এখানে দেখা গেছে। অর্থাৎ, কেবিনেট একটি সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু জনগণের প্রতিনিধি হিসেবে দোকান-মালিক সমিতি যখন তাদের বক্তব্য তুলে ধরলেন, সরকার সেটিকে বিবেচনায় নিয়েছে।’
‘এটাও বলেছি যে আগামী পহেলা বৈশাখ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়েও আমরা এই বিষয়ে নমনীয় থাকব’ বলেন অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, একই সঙ্গে সবাইকে বলব- আমরা নিজ বাসাবাড়িতে, আমরা নিজ কর্মস্থলের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হই। আমরা যদি জ্বালানি সাশ্রয়ী করি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
এমআই