রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজীবপুর উপজেলায় ১৪৪ বোতল ভারতীয় এস্কাফ সহ দুই জনকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ সদস্যরা।
সোমবার (৬ এপ্রিল) উপজেলার ডিসি রোডের স্লুইসগেট এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার সওদাগড়পাড়ার এমদাদুল হক মানিক (৩৭) এবং একই গ্রামের রাফিক (২১)।
রাজীবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বটতলা এলাকা থেকে জামালপুর গামী একটি সিএনজির যাত্রাপথে তল্লাশি করা হলে দুজনযাত্রীর কাছে ভারতীয় ১৪৪ বোতল এস্কাফ পাওয়া যায়। পরে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে ফেনসিডিল ও এস্কাফ দুটোই কোডিন ফসফেট মিশ্রিত মাদক।এটি সেবনের ফলে গলা ও বুক শুকিয়ে আসে, ঝিমুনির মতো অনুভূতি হয়।নিয়মিত সেবনে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্থ হয় এবং পুরুষের প্রজননক্ষমতাও নষ্ট হয়ে যায়।
ভারতের ল্যাবোরেট ফার্মাসিউটিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কাশির ওষুধ হিসেবে এই সিরাপ তৈরি করে। তবে নেশাদ্রব্য হিসেবে বহুল ব্যবহারের কারণে ভারতে এটি নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হলেও এর উৎপাদন বন্ধ হয়নি। মাঝেমধ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এর প্রবেশ ঘটছে এবং আইনশৃংখলা বাহিনীর হাতে আটকের ঘটনাও ঘটছে।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আটকৃতদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এমআই