নিজস্ব প্রতিবেদক:
ঢাকার একটি শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রায় ৮০ কোটি টাকা লুট করে আত্মগোপন যাওয়ার অভিযোগ রাজিয়া রহমান বৃষ্টি ও স্বামী মোঃ মেজবাহ নামের এক দম্পত্তির বিরুদ্ধে। টাকা হাতিয়ে নেয়ার পর বিদেশে পাচার করে দিয়েছে বলে জানা গেছে। এই অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলায় ওই শিল্প গোষ্ঠীর সাবেক কর্মকর্তা চিফ বিজনেস অফিসার রাজিয়া রহমান বৃষ্টি ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পুলিশ ও গোয়েন্দারা তাদের হন্য হয়ে খুঁজছে।
মামলার নথি অনুযায়ী, ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৫ এ দায়েরকৃত সি.আর. মামলা নং ১৭২/২০২৬ (ধারা: দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৬, ৪০৮, ৪২০, ৫০৬, ১০৯ ও ৩৪) প্রেক্ষিতে ২০২৬ সালের ১৬ মার্চ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটির সাবেক চিফ বিজনেস অফিসার রাজিয়া রহমান বৃষ্টিকে। এছাড়া তার স্বামী মোঃ মেজবাহ উদ্দিন, শাশুড়ি মনোয়ারা বেগম এবং সহযোগী মোঃ শওকত আলীর নামও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও ব্যাংক ঋণ সমন্বয়ের দায়িত্বে থাকা অবস্থায় অভিযুক্তরা প্রতারণার আশ্রয় নেন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ঋণ সমন্বয়ের অজুহাতে একাধিক তারিখবিহীন চেকে স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে ওই চেকগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিগত হিসাবে অর্থ স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানান, মামলাটি তদন্তধীন রয়েছে অভিযোগের সত্যতা যাচাইকরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।