আন্তর্জাতিক ডেস্ক;
ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অপারেশনাল সামরিক সদরদপ্তর জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ওমান সাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালায়।
বিবৃতিতে এ ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে বলা হয়, মার্কিন বাহিনী গুলি চালিয়ে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয় এবং মেরিন সেনা মোতায়েন করে সেটি জব্দ করে।
ইরান অভিযোগ করে, এ হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল এবং আন্তর্জাতিক আইনবিরোধী। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এ ঘটনার ‘শিগগির’ উপযুক্ত জবাব দেবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, অবরোধ ভাঙার চেষ্টা করায় ইরানের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। বর্তমানে জাহাজটি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এমআই