আন্তর্জাতিক ডেস্ক:
চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, মধ্য চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। খবর বিবিসি, এএফপির।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে হুনান প্রদেশের লিউইয়াং-এর লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণটি ঘটে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং আহতদের চিকিৎসার জন্য প্রায় ৫০০ কর্মী মোতায়েন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবনের ভেতরে আটকা পড়াদের খুঁজে বের করতে রোবট ব্যবহার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্তকারী পুলিশ আতশবাজি কোম্পানির দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ‘নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ নিয়েছে।
উদ্ধারকারী দলগুলোকে আতশবাজি কারখানার ৩ কিলোমিটার (১.৯ মাইল) ব্যাসার্ধের মধ্যে থাকা সবাইকে সরিয়ে নিতে হয়েছে। তারা উদ্ধার অভিযানের সময় দ্বিতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
ঘটনাস্থল থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে সিসিটিভির একজন প্রতিবেদক উল্লেখ করেছেন যে, বিস্ফোরণের প্রভাব এতটাই বিধ্বংসী ছিল যে কারখানার কাছে একটি আবাসিক ভবনের জানালাও ভেঙে গেছে।
প্রেসিডেন্ট শি জিনপিং এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আহতদের উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।
একে