বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অ আ আবীর আকাশের পাঁচ ধরনের পাঁচটা কবিতা

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
অ আ আবীর আকাশের পাঁচ ধরনের পাঁচটা কবিতা

বৃষ্টি নামে বৃষ্টি 
অ আ আবীর আকাশ 

সন্ধ্যাবাতি নিলো কারা 
ঘরে ঘরে পড়লো সাড়া
মোম কুপিতে হয় না কাজ 
দূরে কোথাও পড়লো বাজ। 

আঁধার ছাওয়া ঘরখানাতে
ছেলে বুড়ো সবাই মাতে 
শো শো করে পুব-দখিনে
দুরুদ পড়ে সকল জনে। 

হাসনা সুবাস লুটে নিয়ে
ঝুমকো জবার বোঁটা ছিঁড়ে 
নুইয়ে পড়ে গন্ধরাজ 
কালবৈশাখীর একি সাজ৷

নাইল-সুয়ারির ডোগ্গা পড়ে 
দুড়ুমদুড়ুম টিনের ঘরে
ভয়ে কাঁপে থরথর 
মাবুদ আল্লাহ রক্ষা কর।

ধুলো ময়লারা বাতাসে 
উড়ে যায় নীল আকাশে
বৃষ্টি নামে জম বৃষ্টি 
পাখি ভিজে কি অনাসৃষ্টি! 

* নাইল- নারকেল। * সুয়ারি- সুপারি।

গ্রামকে ভালোবাসি
অ আ আবীর আকাশ 

আমি কতো ভালোবাসিরে...গ্রামকে ভালোবাসি
জনম নিয়ে আঁতুড় ঘরে কান্দি আবার হাসি 
কতো ভালোবাসিরে কতো ভালোবাসি।

লক্ষ্মীপুরের দালাল বাজার মহাদেবপুর গ্রাম
মায়ের আদর বাবার সোহাগ আমার জন্মস্থান 
যাই না যেন কোনোখানে - হেসেখেলে এ গ্রামে 
থাকি যেন সবাই পাশাপাশি। 

বাবার সাথে মাঠে মাঠে দিন চলে যায়
কাওউইন ভুট্টা বাদাম তোলা দখিনালী বায়
সাবদী মাঝির দিঘির জলে -ইট লুকানো চিরি খেলে 
পাড়ে উঠে সবাই মিলে করি হাসাহাসি। 

ছাগল চরা ক্ষেতের আলে সূর্য ডোবা ক্ষণ
জ্বীমধরানো ঘুড়ি বেঁধে রাখে আমার মন 
পাকা ধানের ঝুমঝুমিতে-ছন্দছড়া পাই শুনিতে 
সকালবেলার শিশির ঘাসে সূর্য মামার হাসি। 

ঘরের পাশে বয়ে চলা চন্দনা নদী 
হিজল তলে কলার ভেলা ভাসাই নিরবধি
কচুরি ফুলের ফাঁকে ফাঁকে- মাছ ভেসে রয় ঝাঁকে ঝাঁকে 
আবীর আকাশ কয় জনম গেলো গ্রামকে ভালোবাসি।

আমার চোখে আলো দিও
অ আ আবীর আকাশ

আমার চোখে আলো দিও তারে চিনবার লাগি
যার জন্য মন প্রাণ আমার হইলোরে বিবাগী
কখনো তো দেখতে পাইনি
তোমার কাছে কিচ্ছু চাইনি
এটুক আশা পূরণ করো তোমার কাছে মাগী
আমার চোখে আলো দিও তারে চিনবার লাগি।

মনে প্রাণে জপি যাঁরে
কখনো তো পাই না তাঁরে
সে তো আমার অন্তঃসারে করছে পায়চারি
আমার তো সে চোখ নাই দেখিতে নারি।

কতো ধ্যাণে মগ্ন হইলে
ও প্রেমেতে ডুবে রইলে
কতো জ্বালা অঙ্গে সইলে দেখিবো তারি
আমারে তার পাগল বানাও মন প্রাণ উজাড়ি।

যাঁরা তাঁর প্রিয় ছিলে
মনে মনে মন মিশিলে
আমারে ক্যান বাদ রাখিলে বুঝিতে না পারি
আবীর আকাশ কাইন্দা কয় নয় ভবের কান্ডারী।

ঈদ আনন্দে
অ আ আবীর আকাশ

জাগরে সবাই ঈদ আনন্দে জাগরে সবাই জাগ
ঈদ এসেছে ঘরে ঘরে নে না খুশির ভাগ
ঈদের হাওয়া বইছে দেখো হিজল ফুলের ডালে
ঈদ খুশিতে দোয়েল ডাকে রসুই ঘরের চালে।

ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ এসেছে আজ
ঈদ মোবারক ঈদ মোবারক পড়বোরে নামাজ।।

ঈদগাহেতে যাবো সবাই ঈদের নামাজ শেষে
কোলাকুলি করবো সবাই আনন্দ উল্লাসে
আজকে সবার মান ভাঙাবো থাকবে নারে লাজ।

জামা কাপড় পরে সবাই  সুবাস মেখে গায়
আয়রে সবাই একসাথে যাই খুশির ঈদগায়
খোকাখুকু মনের মত সেজেছেরে সাজ।

পেঁ পোঁ করে বাজায় খুকু রঙিলা বাঁশী
হাওয়ায় উড়ায় রঙের বেলুন মুখেতে হাসি

কালা মাইয়ার প্রেম
অ আ আবীর আকাশ

কালা মাইয়ার ডকের কাছে ধলা মাইয়া কিছু ‘ন'
ধলারে বেক ভোট দিলেও কালার ডক কমতো ‘ন’
কালা কিন্তু কালা নারে কালা আসল মাল
চিরদিনই কবি শিল্পী কালা লই বেহাল।

লাইলি শিরি মমতাজরা কালাই আছিলো
তাগো প্রেমে মত্ত হইয়া ইতিহাস রচিলো
যুগে যুগে কালার প্রেমে চলে টালমাতাল
কালা কিন্তু কালা নারে কালা আসল মাল।

ধলা মাইয়া দেখলে বেকে হিরি হিরি চায়
সংসার হাইত্তে হেসুম কিন্তু কালারে টোগায়
কালা মাইয়ার চোখে মুখে দারুণ মায়াজাল
কালা কিন্তু কালা নারে কালা আসল মাল।

ধলা মাইয়া দেখতে ধলা মন ধলা ‘ন’
কালা মাইয়ার ধৈর্য-সহ্য ধলা হাইতো ‘ন’
উনিশবিশে ধলা মাইয়া টক্কি হারঅয় খাল
কালা কিন্তু কালা নারে কালা আসল মাল।

কালার ভিত্তে অহংকার নাই বেকের লগে মিশে
ধলা মাইয়ার দেমাগে বেক হারাই হালায় দিশে
আমরা বেকে কালার দিকে থাকমু চিরকাল
কালা কিন্তু কালা নারে কালা আসল মাল।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল