আন্তর্জাতিক ডেস্ক:
সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়ে সর্বশেষ যে প্রস্তাব দিয়েছিল, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাবের জবাব দিয়েছে ইরান।
আজ রোববার আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আলোচনার প্রথম পর্যায়ে শত্রুতা বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার বলেছেন, ইরানের জবাব পাওয়ার বিষয়টি পাকিস্তান নিশ্চিত করেছে।
তিনি বলেন, "পাকিস্তানিরা নিশ্চিত করছেন, তারা মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের বার্তা পেয়েছে। যেহেতু পাকিস্তান এটি পেয়েছে, এখন দেখার বিষয় হলো কখন এটি যুক্তরাষ্ট্রকে জানানো হয় এবং এরপর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হয়।"
উল্লেখ্য, সংঘাত বন্ধ করতে শান্তি চুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা একমত হতে পারেনি। এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র।
গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে, এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র। তবে সেটি হয়নি। গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। তবে সেখানে উভয়পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত চীন সফর শুরু হওয়ার আগেই এই সংঘাতের ইতি টানতে চাপ ক্রমেই বাড়ছে। কারণ, এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং বিশ্ব অর্থনীতির জন্যও বাড়তি ঝুঁকি তৈরি করেছে।
এমআই