সময় জার্নাল ডেস্ক:
বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় ঢাকা আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে, একিউআই স্কোর ১৫৩। এই স্কোরে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো ১৫৩, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই মেগাসিটি।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ২৫০, বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর। এছাড়া ১৭৯, ১৬৭, ১৫৭ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, উগান্ডার রাজধানী কাম্পালা এবং নেপালের রাজধানী কাঠমান্ডু। তিনটি শহরের বাতাসের মানও অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১০৭ থেকে ১৩২-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
একে