মোঃ হৃদয়, ডিআইইউ প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি কোটি মানুষের আবেগ, সমর্থন আর একসঙ্গে উদযাপনের গল্প। প্রিয় দলের খেলা বড় পর্দায় বন্ধু–স্বজন ও অন্য সমর্থকদের সঙ্গে দেখার অভিজ্ঞতা বিশ্বকাপকে আরও বিশেষ করে তোলে। তবে কোথায় লাইভ স্ক্রিনিং হচ্ছে, কোন ভেন্যুতে বেশি দর্শক থাকছে কিংবা আয়োজনের তথ্য কোথায় পাওয়া যাবে—এসব তথ্য অনেক সময় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকে। সেই অভিজ্ঞতাকে আরও সহজ ও এক জায়গায় আনার উদ্যোগ নিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থী।
ডিআইইউ শিক্ষার্থী ও ব্রেস ল্যাবরেটরি–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি মুরসালাতুল ইসলাম পল্লব তৈরি করেছেন ‘ফিফা পার্টি বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন স্থানের দর্শক, আয়োজক ও ফুটবলপ্রেমীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের আশপাশে কোথায় বিশ্বকাপের সরাসরি সম্প্রচার বা বড় পর্দায় খেলা দেখার আয়োজন হচ্ছে, তা খুঁজে দেখতে পারবেন। পাশাপাশি পরিচিত কোনো ভেন্যু থাকলে সেটি যুক্ত করার সুযোগও রাখা হয়েছে। দর্শকের উপস্থিতি নিশ্চিত করতে রয়েছে নিবন্ধন ও উপস্থিতি নিশ্চিতকরণ ব্যবস্থা। এছাড়া কোন ম্যাচে কোথায় বেশি দর্শক থাকবে, সমর্থকদের সক্রিয়তা এবং বিভিন্ন আয়োজন সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগও থাকবে এখানে।
প্ল্যাটফর্মটিতে আরও যুক্ত করা হয়েছে ম্যাচের সময়সূচি, প্রয়োজনীয় হালনাগাদ তথ্য এবং সমর্থকদের অংশগ্রহণভিত্তিক বিভিন্ন সুবিধা। ফলে শুধু খেলা দেখা নয়, বিশ্বকাপকে ঘিরে একটি সমন্বিত সামাজিক অভিজ্ঞতা তৈরির প্রচেষ্টাও দেখা যাচ্ছে এই উদ্যোগে।
শিক্ষাজীবনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সম্পৃক্ততা তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ব্রেস ল্যাবরেটরি।
বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির ধারায় এ ধরনের উদ্যোগ নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
একে