বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

রাজশাহীতে জামায়াতের আমির

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনো রাজনীতিকে লাল কার্ড

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৬
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনো রাজনীতিকে লাল কার্ড

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ দুইটা ভোট। একটা হচ্ছে গণভোট। গণভোটে কী বলবেন? গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে নতুন বাংলাদেশ। হ্যাঁ মানে পুরোনো রাজনীতিকে লাল কার্ড। যেই রাজনীতি মানুষ খুন করে, যেই রাজনীতি আয়নাঘর তৈরি করে, যে রাজনীতি দেশপ্রেমিক নেতাদেরকে খুন করে, যেই রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে ১২ তারিখ সেই রাজনীতিকে ইনশাআল্লাহ লাল কার্ড।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহীর মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, এক ভাই বলেছেন রাজশাহীতে কোনো উন্নয়ন হয় নাই, না উন্নয়ন হয়েছে। দুই ধরনের- একটা হলো কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপর সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসাপ্রতিষ্ঠান ঘরবাড়ি রাস্তাঘাট এগুলোর কিছু উন্নয়ন হয়েছে। আবার ৫৪ বৎসরে উন্নয়ন হয়েছে দুর্নীতি এবং চাঁদাবাজির। মানুষের হক নষ্ট করার ঠিকই উন্নয়ন হয়েছে, ব্যাংক ডাকাতি করার উন্নয়ন হয়েছে, শেয়ার মার্কেট লুট করার উন্নয়ন হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পথে বসানোর উন্নয়ন হয়েছে। নিজেদের কপাল কিসমত গড়ে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার এই দুই ধরনের উন্নয়ন সারাদেশে হয়েছে। এখানেও হয়েছে।

তিনি বলেন, আমরা চাই জনগণের উন্নয়ন, আমরা চাই ১৮ কোটি মানুষের প্রত্যেকটি নারী পুরুষের উন্নয়ন। আমরা চাই সেই দেশ যেখানে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আমরা ওই দেশটি চাই যেখানে আমাদের শিশুরা পুষ্টি পেয়ে বড় হবে, সুস্বাস্থ্যের সাথে আর শিক্ষা পেয়ে হবে সুনাগরিক। আমরা সেই দেশটি চাই। শিক্ষার পরে মর্যাদার একটা কাজ পাবে ওই দেশটা চাই। আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, তারা পাবে নিরাপত্তা এবং মর্যাদা পাবে। আল্লাহর দেওয়া সমস্ত অধিকার তারা এখানে নিঃসংকোচে ভোগ করবে। আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করার প্রয়োজন অনুভব করবে না।

জামায়াতের আমির বলেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে দুনিয়ার কোথাও ন্যায়বিচার কখনো কায়েম হয়নি, হওয়া সম্ভব নয়। আল্লাহ সমস্ত সৃষ্টির খালেক। আমরা বাকিরা সব মাখলুক। আল্লাহ তায়ালা জানেন তার কোনো সৃষ্টির কোথায় কী প্রয়োজন, কী দুর্বলতা, কী তার পটেনশিয়াল রয়েছে, এটা আল্লাহর চাইতে কেউ বেশি বুঝে না। সেই আল্লাহ মানবজাতির অভিভাবক-রব, তিনি যে বিধান দিয়েছেন এটা দুনিয়ার সর্বোত্তম বিধান। এ বিধান কারো কোনো ক্ষতি করতে পারে না। এই বিধান কি শুধু মুসলমানের জন্য, আমি বলব না, বলবেন এই বিধান কি শুধু মানুষের জন্য, আমি বলব না, এই বিধান সমস্ত মানবজাতির জন্য। আল্লাহর বিধান কারও ওপর জুলুম কখনো করতে পারে না। জুলুম করার প্রশ্নই ওঠে না। এদেশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, দেশে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। সাঁওতাল ভাইবোনেরা আছে। সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। এজন্য আমাদের ১১ দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে মানুষে মানুষে আর হিংসা এবং বিদ্বেষ জাগিয়ে রাখতে কাউকে দেব না।

তিনি আরও বলেন, আমরা আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ, জনগণের কাছে ওয়াদাবদ্ধ। জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসা সমর্থনের মাধ্যমে, আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন, আমরা ইনশাআল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না।

ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে রাজার ছেলে রাজা হবে। বংশ-পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে। এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না। আমাদের প্রতিবেশীসহ সারা দুনিয়ার সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

এ সময় রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জেলার গোদাগাড়ীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সন্ধ্যায় তিনি নাটোরের জনসভায় বক্তব্য দেবেন। 

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল