বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
ওম বিরলা মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি।
ওম বিরলা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’
সাক্ষাৎ নিয়ে ভারতের লোকসভার স্পিকার আরও লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গতকাল মঙ্গলবার ঢাকায় চীনের দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
অভিনন্দনবার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গত ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং ‘উইন-উইন’ ফলাফলের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হয়েছে। এটি রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক উৎকৃষ্ট উদাহরণ।
চীনের প্রধানমন্ত্রী বলেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে সমর্থন জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন-বাংলাদেশ ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব’কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা যাবে।
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীও। অভিনন্দনবার্তায় সানায়ে তাকাইছি দুই দেশের ‘কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেছেন।
গতকাল মঙ্গলবার ঢাকায় জাপান দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে দুই দেশের মধ্যে বিদ্যমান ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী।
একে