ডিআইইউ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শহীদ মিনারের বেদিতে ফুল দেন।
প্রভাষক শাহরিয়ার মাহমুদ মিনার বলেন, “একুশ মানে মাথা নত না করা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই প্রথম ভাষার জন্য জীবন দেন, রক্ত দেন। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বর্তমানে বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাদের আমরা জেনজি বলি—একই বয়সের আমাদের বর্তমান প্রজন্ম। এই প্রজন্মের প্রতি আহ্বান থাকবে বাংলা ভাষাকে ধারণ করা, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য চর্চা করা এবং প্রমিত উচ্চারণ শেখা। আমি মনে করি, জেনজিরা—বর্তমান প্রজন্ম—তাদের উচিত বাংলা ভাষার প্রমিত উচ্চারণ শেখা এবং প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করা।”
শিক্ষার্থী প্রতিনিধি রফিকুল ইসলাম প্রামাণিক বলেন, “১৯৫২ সালের এই দিনে দামাল ছেলেরা ভাষার জন্য প্রাণ বলিদান করেছিলেন। ভাষা মানে মনের ভাব প্রকাশ করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। অথচ দেখুন, আজ আমাদের কথা বলার ও অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কোথায়? সম্প্রতি একটি টিভি চ্যানেলের চারজন স্টাফ রিপোর্টার জুলাই ইস্যুতে কথা বলায় তাদের প্রত্যাহার করা হয়েছে। আমাদের এই অধিকার নিশ্চিত করতে হবে।”
আরেক শিক্ষার্থী রাজিয়া আক্তার বলেন, “মাতৃভাষা দিবস বর্তমানে শুধু একটি দিবসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিছু শ্রেণির মানুষ আছেন, যারা নিজের মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায় কথা বলতে অস্বস্তি অনুভব করেন। কেউ কেউ বাংলার মধ্যে ইংরেজির মিশ্রণ ঘটিয়ে নিজেকে ‘পশ’ বা উচ্চশ্রেণির দাবি করতে চান। এসব কারণে দিন দিন আমাদের মাতৃভাষার গুরুত্ব হারাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় ল্যাটিন ও সংস্কৃত ভাষার মতো বাংলা ভাষাও হারিয়ে যেতে পারে। তাই আমাদের ভাষার ব্যবহারে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
একে